সোমালিয়ার রাজধানী মোগাদিশু দখল করে নিয়েছে ইসলামী জঙ্গীবাহিনী
যুক্তরাষ্ট্র সমর্থিত সেনাবাহিনীর সাথে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের পর ইসলামী জঙ্গীবাহিনী সোমালিয়ার রাজধানী মোগাদিশু দখল করে নিয়েছে।
এ জঙ্গীবাহিনীর সাথে আল কায়েদার সম্পর্ক আছে বলে অভিযোগ রয়েছে এবং এতে করে ’আফ্রিকার শিং’ নামে খ্যাত দেশটি ওসামা বিন লাদেনের শাসনাধীনে চলে যাবে বলে আশংকা করা হচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ইসলামিক কোর্টস ইউনিয়নের চেয়ারম্যান শেখ শরিফ শেখ আহমেদ বেতারে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে ইসলামের শত্র“র বিরুদ্ধে যুদ্ধে তারা জয়ী হয়েছেন।
এ যুদ্ধে জয়ের পর থেকে বিভিন্ন গোত্রের সমন্বয়ে গড়ে ওঠা এই জঙ্গীবাহিনী রাজধানীর ৬৫ মাইল এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যবর্তী সরকার যখন রাজধানী থেকে ১৫৫ মাইল দূরবর্তী বাইদুয়াতে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চালাচ্ছে তখনই জঙ্গীবাহিনী এ ক্ষমতা দখল করে নিয়েছে। জঙ্গীবাহিনী বাইদুয়ার ক্ষমতা দখল করতে পারে এ আশংকায় সেখানে অস্ত্রের দামও বেড়ে গেছে।
১৯৯১ সালে সরকারের পতনের পর জঙ্গীবাহিনীই এই প্রথমবারের মত রাজধানীর পার্শ্ববর্তী এলাকা গুলোতে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
সেন্ট পল মিনে অবস্থিত সোমালি জাস্টিস এ্যাডভোকেসি সেন্টারের পরিচালক ওমর জামাল জানান, জঙ্গীবাহিনীর এ বিজয় দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। তিনি আরও বলেন যে আফগানিস্তানে তালেবানদের উত্থানে যে অবস্থা হয়েছিল এ ঘটনাকে তারই পুনরাবৃত্তি বলা যায়।
সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গীবাহিনী ও সেনাবাহিনীর মধ্যেকার যুদ্ধে ৩০০ জনের বেশি ব্যক্তি নিহত এবং ১,৭০০ জন আহত হওয়ার পর এ দ্বন্দ্ব আরও জোরালো হয়ে ওঠে।
এদিকে বুশ প্রশাসন জানিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকারী যে কাউকে তারা সমর্থন জানায়।
