২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পূর্ব তিমুরে শান্তি ফিরিয়ে আনতে দিলি পৌঁছেছেন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার গৃহযুদ্ধোন্মুখ পূর্ব তিমুরে শান্তি ফিরিয়ে আনার লক্ষে পূর্ব তিমুর রাজধানী দিলিতে পৌঁছেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 10:48 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অস্ট্রেলিয়ার রয়েল এয়ার ফোর্সের একটি বিমানে তিনি দিলি পৌঁছলে সেখানে অবস্থানরত আন্তর্জাতিক শান্তি রক্ষাকারী দলের প্রধান ব্রিগেডিয়ার মাইক শ্লেটার তাকে স্বাগত জানান।

পরে ব্ল্যাক হক হেলিকপ্টারে করে ডাউনার জাতিসংঘের কর্মকর্তা ও তিমুরের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হতে আলোচনাস্থলে পৌঁছান। অস্ট্রেলিয়া ত্যাগের পূর্বে ডাইনার জানান, তিমুরের বিদ্রোহী দলের অস্ত্র সমপর্নের মধ্য দিয়ে দেশটিতে শান্তি ফিরিয়ে আনাই হবে তার এ সফরের মূল উদ্দেশ্য। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ডাউনার বলেন, এই সংকটময় মূহুর্তে সরকারি ও বিদ্রোহী উভয় দলকেই একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক ও সাংবিধানিক সমঝোতায় আসতে হবে।

পূর্ব তিমুরের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী জোসে রামস হোর্তা অস্ট্রেলিয় পররাষ্ট্রমন্ত্রী ডাউনারের সাথে আলোচনার পূর্বে সাংবাদিকদের জানান, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে এবং বিদ্রোহী সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে আনতে তিনি বিদ্রোহী দলের সাথে ধৈর্যের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

রামস জানান, রোববার তিনি দেশের উত্তরে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি মৌবিসি সফর করে বিদ্রোহীদের নেতা মেজর আলফ্রেডো রিনাডোর সাথে আলোচনা করবেন।

দ্বিখন্ডিত সেনাবহিনীকে পুনরায় একত্রিকরণের আশাবাদ ব্যক্ত করে রামস জানান, সেনাবাহিনীর দক্ষতা, সুনাম এবং গৌরব পুনরুদ্ধারের জন্যই তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মে মাসে পূর্ব তিমুরের সেনাবাহিনীর বহিস্কৃত সদস্যদের সাথে নিরাপত্তাবাহিনীর সহিংসতা শুরু হলে তা সম্পূর্ণ দেশে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধের আশংকা দেখা দিয়েছে।

দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়া ১,৩০০ সদস্য বিশিষ্ট একটি নিরাপত্তা রক্ষাকারী দল পূর্ব তিমুরে পাঠিয়েছে।

পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী মারি আলকাতিরির কাছ থেকে প্রেসিডেন্ট জেনানা গুসামাও দেশের নিরাপত্তাবাহিনীর দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন। ে

দেশের এই অস্থিতিশীল অবস্থার জন্য আলকাতিরিকেই দায়ী করা হচ্ছে।