২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর বিচার দাবি করেছে

পূর্ব তিমুরের সংকট নিরসনের লক্ষ্যে বিদ্রোহীরা সেদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বিচার দাবি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 02:36 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

৬০০ বিদ্রোহী সেনাদের কমান্ডার মেজর আলফ্রেডো রেনেডো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ তিমুরের রাজধানী দিলিতে পাঁচজন বিদ্রোহীকে গুলি করে হত্যা করে। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ছেন না ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মসমর্পণ করা ঠিক হবে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রেনেডো বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হবে এবং তার অপকর্মের জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে।

পূর্ব তিমুরের প্রতিরক্ষামন্ত্রী রক রডরিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী রোজারিও লোবাটো বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। লোবাটো নৈতিক ও রাজনৈতিক দায়দায়িত্ব স্বীকার করে বলেন, আত্মসমর্পণকৃত ১০ জন বিদ্রোহীর নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি যাদের গত সপ্তাহে গুলি করে মারা হয়েছে।

গত দুই সপ্তাহে বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। হাজার হাজার ঘর-বাড়ী ধ্বংস হয়েছে এবং দশ হাজার লোক তাদের ঘর ছাড়া হয়েছে। অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও পর্তুগাল থেকে আসা দুই হাজারের বেশি শান্তিরক্ষী সেনা চলমান এই অরাজকতা দমন করতে কাজ করছে।

সরকার এই অরাজকতা দমন করতে ব্যর্থ হওয়ায়  গত সপ্তাহে বিদেশী শান্তিরক্ষাকারী দলের সাহায্য চেয়েছিল। দিলির বেশিরভাগ স্থানে  সশস্ত্র যুদ্ধ থেমে গেলেও ছোট ছোট মারামারি  এবং লুট-পাট অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে ইন্দোনেশিয়া কর্তৃক দখলকৃত পূর্ব তিমুর জাতিসংঘের সহায়তায় ১৯৯৯ সালে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়। এরও তিন বছর পর ২০০২ সালে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে।