ভারত- পাকিস্তানের সরাষ্ট্র সচিব সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় একমত হয়েছেন
সন্ত্রাসবাদ, মানব এবং মাদকদ্রব্য পাচার বন্ধে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুদিনের সংলাপভিত্তিক বৈঠকের তৃতীয় পর্বে দেশ দুটি সন্ত্রাস দমনে একযোগে কাজ করার অভিমত ব্যক্ত করেছেন।
এই বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভারতের সরাষ্ট্র সচিব ভি কে দুগাল এবং পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করেন সেদেশের সরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাঈদ কামাল শাহ।
তাদের দেয়া এক যৌথ বিবৃতিতে নয়া দিল্ল¬ী এবং ইসলামাবাদ সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনায় একত্রে কাজ করতে চায় বলে বলা হয়েছে। সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও তারা একমত হয়েছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এই বৈঠকে ভারত এবং পাকিস্তান হস্তান্তরের জন্য দুদেশের মধ্যে আত্মগোপনকারী শীর্ষ অপরাধীদের একটি তালিকা পেশ করে। ভারত দেশটির অপরাধজগতের শীর্ষ নেতাদের যে তালিকা পাকিস্তানকে দিয়েছে তার মধ্যে দাউদ ইব্রাহিমের নাম রয়েছে। ভারত দাউদ ইব্রাহিমকে ১৯৯৩ সালে মুম্বাই-এ বোমা বিস্ফোরণের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে।
তবে পাকিস্তানের অভ্যন্তরে দাউদের আত্মগোপন করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়া, এই আলোচনায় দুই দেশের সচিব পাকিস্তানের মাদকবিরোধী কমিশন এবং ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো-র মধ্যে মাদক পাচার সংক্রান্ত যাবতীয় তথ্য বিনিময়ে সন্তোষ প্রকাশ করেছেন।
মাদক পাচার রোধ ছাড়াও এই দুটি দেশের মধ্যে মানব পাচার, অবৈধ অভিবাসন এবং মুদ্রা জাল রোধ করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া দুদেশের মধ্যে আটকে পড়া জেলেদের আগামী ৩০ জুন মুক্তি দেয়া হবে বলেও তারা জানান।
