ইরাকে পৃথক হামলায় নিহত ৪৯, আহত ১১৬
গাড়ীবোমা বিস্ফোরণ এবং আরো কয়েকটি পৃথক হামলায় ইরাকে ৪৯ জন ইরাকি নিহত এবং ১১৬ জন আহত হয়েছে।
এ পরিস্থিতিতে ইরাকের নতুন সরকার সেদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব্বোর্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
রাজধানী বাগদাদের ২০ মাইল উত্তরে হুসেইনিয়ায় এক জনাকীর্ণ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ এক বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লে কর্নেল ফালাহ আল মোহাম্মেদি।
হিলাহ-র দক্ষিণাঞ্চলীয় শহরে গাড়ীবোমা বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।
পূর্ব বাগদাদে একটি দোকানের সামনে প্লাস্টিক ব্যাগে লুকিয়ে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়।
মধ্য বাগদাদে মর্টারের গোলা কড়া প্রহরাবেষ্টিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং পাশ্ববর্তী এক পার্কে আঘাত হানলে দুজন সরকারি নারী কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এছাড়া একজন পুলিশ এবং দুজন দ্বাররক্ষী এই হামলায় আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ক্যাপ্টেন আব্দুল ঘানি। সিটি পার্কে মর্টারের গোলার আঘাতে দুজন শ্রমিক আহত হয়েছে।
অপরদিকে, রাজধানী বাগদাদে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো চারজন আহত হয়েছে।
এছাড়া, বাগদাদের ৩৫ মাইল দূরে নদীতে ভাসমান এক ইরাকির মৃতদেহ উদ্ধার করা হয়।
