ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ৩০০
ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় প্রদেশ জাভায় শনিবার ভোরে এক ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩০০ জন ব্যক্তি নিহত এবং শত শত লোক আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে।
ভয়াবহ এ ভূমিকম্পে প্রচুর বাড়িঘর ধ্বংস হয়েছে।
আহতদের অনেকেরই হাড় ভেঙ্গে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছে।
ইয়োগোকার্টার ছয়টি হাসপাতালের কর্মকর্তারা জানান, এ ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ২৯১ জন এবং এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশংকা করছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইয়োগোকার্টার ১৫ মাইল দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভোর ৫:৪৫ টায় আঘাত হানা এ ভূমিকম্পের ফলে মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে বিস্ফোরণের মাত্রা বেড়ে গেছে।
এ ভুমিকম্পে বিধ্বস্ত হোটেল এবং সরকারি ভবনের ভিডিও চিত্র বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে।
ভুমিকম্পের ফলে ইয়োগোকার্টা বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিলে রবিবার পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছেন যোগাযোগ মন্ত্রী হাট্টা রাডজাসা।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে।
