২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে আকস্মিক বন্যায় শতাধিক ব্যক্তির মৃত্যুর আশংকা

উত্তর থাইল্যান্ডে পাহাড়ী ঢলের কারনে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে বুধবার শতাধিক লোকের প্রাণহানির আশংকা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 12:33 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

উদ্ধার কর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে বন্যাদূর্গত এলাকার বাড়ীঘরে, ট্রেনে এবং খোলা জায়গায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

তবে সরকারী হিসাব মতে বন্যায় ২৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯২ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।

ব্যাংককের ৪২০ কিমি উত্তরে অবস্থিত উত্তরাদিত্ প্রদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বুনরিয়াং চুচেই সেইনগ্রাট জানিয়েছেন, বন্যার ফলে তার এলাকাতেই শতাধিক লোক নিহত হয়েছে।

বুনরিয়াং সরকারের কাছে দুর্যোগকালীন নিহতদের সনাক্তকরণে একটি কেন্দ্র স্থাপনের আবেদন জানিয়ে বলেন, বেওয়ারিশ এবং অস্থায়ীভাবে মাটিচাপা দেয়া লাশের পরিচয় পরবর্তীতে সনাক্ত করার জন্য একটি ‘সনাক্তকরণ কেন্দ্র’ প্রতিষ্ঠা করা জরুরী হয়ে পড়েছে।

আকস্মিক এই বন্যায় উত্তরাদিত্ প্রদেশের লাবলেই জেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মাটির নীচে চাপা পড়া ঘরবাড়ীর মধ্যে অনেক মানুষ আটকে পড়েছে। অনেকে ঘরের চালে বা গাছের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছে।