২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার দায়ে চারজনের মৃত্যুদন্ড

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজকে হত্যার চেষ্টার দায়ে অভিযুক্ত চার  ব্যক্তিকে সেদেশের আদালত মৃত্যুদন্ড দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 09:35 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

শওকত আজিজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ আগে তাকে হত্যার এই চেষ্টা চালানো হয়।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাস দমন আদালত কঠোর নিরাপত্তার মাঝে এই রায় ঘোষণা করে। রায়ে চার জনের মৃত্যুদন্ডাদেশের পাশাপাশি আরো তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা যায়।

এছাড়া আটজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের নির্দোষ বলে রায় দেয়া হয়। ২০০৪ সালের জুলাইয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী প্রধানমন্ত্রী শওকত আজিজের গাড়ীর পাশে বোমা বিস্ফোরণ ঘটালে তিনি বেঁচে যান। তবে ওই হামলায় আট ব্যাক্তি নিহত হয়।

এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকেও কয়েকবার হত্যার চেষ্টা চালানো হয়েছে।

পাকিস্তান সরকার সেদেশ থেকে তালেবান যোদ্ধাদের বিতাড়িত করার দৃঢ় ইচ্ছা পোষণ করে তালেবানবিরোধী প্রচারণা চালানোর পর তাকে হত্যার চেষ্টা চালানো হয়।