কলম্বিয়ার বিদ্যুৎ স্টেশনে বিদ্রোহীদের হামলা
কলম্বিয়ার প্রধান বন্দর নগরী বুয়েনাভেঞ্চুরায় বামপন্থী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) দলের বিদ্রোহীরা শহরের প্রধান বিদ্যুৎ স্টেশনে হামলা চাললে শহরটির সকল স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শুক্রবার রাতের এই আক্রমণের আগে বুয়েনাভেঞ্চুরায় বিদ্রোহীরা দুদিনধরে গ্রেনেড হামলা চালালে ২৪ জন আহত হয়। এই গ্রেনেড হামলার কাজে জড়িত কিশোরদের গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
বুয়েনাভেঞ্চুরার চার লাখ অধিবাসী বিদ্যুৎবিহীন চরম দুর্ভোগের মধ্যে পতিত হয়েছে। এই শহরের গর্ভণর অ্যাঞ্জেলিনো গার্জন বিদ্রোহী ফার্ক দলকে এধরনের অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
কলম্বিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একসপ্তাহ আগে বর্তমান প্রেসিডেন্ট আলভারো ইউরিবের দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
ফার্ক দীর্ঘ চার দশকেরও অধিক সময় ধরে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে গেরিলা কার্যক্রম পরিচালনা করে আসছে।কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইউরিব বিদ্রোহী এই ফার্ক দলটিকে উৎখাত করতে সামরিক বাহিনীর সাহায্য নেবেন বলে ঘোষণা দেবার পর থেকেই ফার্ক সরকারের বিরোধিতা করে দেশজুড়ে বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে আসছে।
