পানির নিচে সন্তান প্রসব জনপ্রিয়তা লাভ করছে
পানির নিচে সন্তান প্রসবের সংখ্যা খুব কম হলেও এই পদ্ধতিতে সন্তান জন্মদানের পদ্ধতিটি গর্ভবতী মায়েদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফলে পানির নিচে সন্তান জন্মদানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এই ধরনের কোন আনুষ্ঠানিক রেকর্ড না থাকলেও ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপিটাল ও টমসন মেডিক্যাল হসপিটাল তাদের এক পর্যবেক্ষণে জানিয়েছে, এ পর্যন্ত ১০ থেকে ২০টি শিশু পানির নিচে ভূমিষ্ট হয়েছে। তবে এই পদ্ধতিতে সন্তান জন্মদানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব মায়েদের সন্তান প্রসবের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ কম, তাদের জন্য প্রথাগত পদ্ধতিতে সন্তান জন্মদানের চেয়ে পানির নিচে জন্মদানের পদ্ধতিটি অনেক বেশি সুবিধাজনক ও সহজ।
এপ্রিল মাসের প্রথমদিকে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে জন্ম নেয়া নেচার সু নামের বাচ্চাটিই প্রথম পানির নিচে জন্মগ্রহণ করে।
টমসন মেডিক্যাল সেন্টারেও একই পদ্ধতিতে তিনটি শিশুর জন্ম হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, এসব বাচ্চাদের ক্ষেত্রে পদ্ধতিটি সরাসরি অবলম্বন করা হয়নি। প্রসবের সময়ে মায়েদের শরীর পানিতে পুরোপুরি ভেজা ছিল বলেই এসব শিশু সহজে ভূমিষ্ট হয়েছে।
নতুন এই পদ্ধতিতে একটি পানিপূর্ণ চৌবাচ্চার মধ্যে সন্তান প্রসব করার ব্যবস্থা করা হয়েছে। চৌবাচ্চাটি গর্ভের ভিতরে প্লাসেন্টা বা অমরানালীকে সহজে বের হয়ে আসার জন্য বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে।
এই পদ্ধতিতে সন্তান জন্মদানকারী জননী জো ট্যাংগ উচ্ছ্বসিত হয়ে জানান, নতুন এই পদ্ধতিটি তুলনামূলক কম কষ্টকর ও আরামদায়ক। চৌবাচ্চায় মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি রাখা হয়। এই মৃদু উষ্ণ পানিতে সন্তান জন্ম দেয়া বেশ স্বস্তিদায়ক।
পানিতে জন্ম নেয়া বাচ্চাটিকে তড়িঘড়ি করে পানি থেকে বের করে আনারও প্রয়োজন পড়ে না। কেননা--অপেক্ষাকৃত শীতল তাপমাত্রা অনুভব না করলে সদ্য প্রসূত শিশুরা তার প্রথম শ্বাস গ্রহণ করে না।
সিঙ্গাপুরের তুলনায় অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতিতে জন্মদানের সংখ্যা অনেক বেশি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা সিঙ্গাপুরের মায়েদের নতুন এই পদ্ধতিটি সম্পর্কে অজ্ঞতার কারণকেই উল্লেখ করেছেন।
তাছাড়া প্রতি মূহুর্তে আলট্রাসাউন্ড পদ্ধতিতে শিশুটির অবস্থা জানতে না পারার জন্যই চিকিৎসকরাও নতুন এই পদ্ধতিতে সন্তান প্রসব পদ্ধতিটি এড়িয়ে যেতে চান।
ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের গাইনি বিশেষজ্ঞ চং ইয়াপ সেং পানিতে প্রসবের পদ্ধতির উপকারিতা সম্পর্কে বলেন, পানির মধ্যে মায়েদের শরীরের নিচের অংশ ডুবিয়ে রাখলে প্রসব যন্ত্রণা কমে যায় এবং সন্তান দ্রুত প্রসব করে।
সন্তান প্রসবের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত মায়েরা বাড়িতেই নার্স ও ধাত্রীর সাহায্য নিয়েই এই পদ্ধতিতে সন্তান জন্ম দিতে পারেন।
