ক্যান্সার প্রতিরোধক রাসায়নিক উপাদানের সন্ধান লাভ
ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত একটি রাসায়নিক উপাদান ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে।
ম্যাগনাফোডিপির নামক এই রাসায়নিক উপাদান সাধারণত রোগ ইমেজিং ও স্ক্যানিং এর কাজে ব্যবহার করা হয়।
ফ্রান্সের কয়েকজন গবেষক গবেষণার মাধ্যমে দেখেছেন যে, ক্যান্সার প্রতিরোধার্থে কিছু কিছু কেমোথেরাপীর ঔষধের মতোই ম্যাগনাফোডিপির নামক এই ঔষধটি সাধারণ কোষের ক্ষতি না করেই ক্যান্সারের কোষকে ধ্বংস করতে সক্ষম।
এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের ফলে কেমোথেরাপীর মাধ্যমে ক্যান্সার রোগের চিকিৎসা আরও উন্নত হবে বলে আশা করছেন গবেষকরা।
গবেষকদের মতে ক্যান্সারের অনেক ঔষধ মূলত ক্যান্সারের কোষে হাইড্রোজেন পার-অক্সাইডের পরিমান বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধের চেষ্টা করে থাকে।
টিউমারে আক্রান্ত কোষে এই রকম ঔষধ ব্যবহার করলে আক্রান্ত কোষগুলোর মৃত্যু ঘটে।
কিন্তু শরীরের কিছু ইনজাইমের কারণে এইসব ঔষধ অনেক সময় ক্যান্সারের কোষ ধ্বংসে কম কার্যক্ষম হয়ে থাকে। তাছাড়া এসব ঔষধ সাধারণ কোষের উপর একধরনের বিষের মতো কাজ করে।
কিন্তু ম্যাগনাফোডিপির সাধারণ কোষকে স্বাভাবিক ও সুস্থ রেখেই ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে।
