ইসরাইলের সুপ্রিম কোর্ট আরব বংশোদ্ভুত ইসরাইলীদের সে দেশে বসবাসের বিপক্ষে রায় দিয়েছে
ইসরাইলের সুপ্রিম কোর্ট সেদেশে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বসবাসের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিতর্কিত একটি আইনকে পূনর্বহাল রেখেছে। এর ফলে ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি পুরুষেরা তাদের স্ত্রী ও পরিবারের সাথে বসবাসের সুযোগ হারাবে।
ইসরাইলের সংসদের কয়েকজন সদস্য, ইসরাইলে বসবাসকারী আরব বংশোদ্ভুত পরিবার এবং নাগরিক অধিকার আদায়ে পরিচালিত সংস্থাগুলো এই আইন কার্যকর না করার পক্ষে আদালতের কাছে আবেদন করে।
কিন্তু আদালতে ৬-৫ ভোটের ব্যবধানে বিলটি পুনরায় অনুমোদন করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সরকার বলছে ইসরাইলের জনগণের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এই আইনটি ২০০২ সালে সংসদে উত্থাপনের মাধ্যমে পাশ করা হয়।
সমালোচকরা বলছেন বৈষম্যমূলক এই আইন ইসরাইলে বসবাসকারী ফিলিস্তিনিদের পারিবারিক জীবন যাপনের অধিকার লঙ্ঘন করবে।
একটি নাগরিক অধিকার সংস্থা জানিয়েছে এই আইন কার্যকর করা হলে ইসরাইলে বসবাসরত কয়েকহাজার আরব পরিবার এর শিকার হবে এবং দেশত্যাগ করতে অথবা স্বামী- স্ত্রী পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে বাধ্য হবে।
উল্লেখ্য, বর্তমানে ইসরাইলের মোট জনসংখ্যার ২০ ভাগ অর্থাৎ প্রায় ১৩ লাখ আরব ইসরাইলের নাগরিক হিসেবে পরিচিত।
