নেপালে ৫ জন সাবেক মন্ত্রী গ্রেপ্তার
নেপালে রাজতন্ত্রের হয়ে ভূমিকা রেখেছেন এমন পাঁচজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রীও রয়েছেন বলে নেপালের রাষ্ট্রীয় বেতার জানায়।
এছাড়া তিনজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর বাড়াবাড়ির ব্যাপারে তদন্ত কমিশনের তদন্তের সিদ্ধান্তের পরই তাদের গ্রেপ্তার ও বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিশনের প্রতিবেদন পেতে দুই মাস সময় লাগতে পারে বলেও রাষ্ট্রীয় বেতারের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
কাঠমান্ডু পুলিশ জানিয়েছে, নবগঠিত সরকারের আদেশে তাদের ৯০ দিন আটক রাখা হবে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল থাপা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী রমেশ নাথ, সাবেক তথ্যমন্ত্রী শ্রীশ শুমশের, সাবেক স্থানীয় উন্নয়ন মন্ত্রী তানকা ধাকাল, সাবেক জুনিয়র মন্ত্রী নিক্ষ্যা শুমশের রানা।
বরখাস্তকৃত উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা হলেন, ঊর্ধ্বতন পুলিশ প্রধান শ্যাম ভাটকা থাপা, শাহাবীর থাপা এবং জাতীয় তদন্ত বিভাগের প্রধান দেবীরাম শর্মা।
এপ্রিলে রাজতন্ত্র বিরোধী আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস, গুলি ও রাবার বুলেটের আঘাতে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক শ’ লোক আহত হয়।
দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভের মুখে রাজা জ্ঞানেন্দ্র পুনরায় সংসদীয় অধিবেশন ডাকেন এবং অন্তর্বর্তীকালীন বহুদলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
মাওবাদীদের সাথে শান্তি আলোচনা এবং নির্বাচনের পরিস্থিতি সৃষ্টিতে ব্যর্থ হওয়ায় ২০০৫ সালের ফেব্রুয়ারি তিনি সংসদ ভেঙে দিয়ে নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছিলেন।
