চাদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে
চাদে বুধবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাদের বর্তমান প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই তৃতীয়বারের মতো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চাদের বিরোধী দলগুলো এই বিতর্কিত নির্বাচনে তাদের কোনো প্রার্থীকে মনোনয়ন দেবেনা বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে।
রাজধানী নজামেনায় তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণায় এক গেরিলা আক্রমণের ঘটনা ঘটলে দেশটির জনগণ নির্বাচন চলাকালীন সময়ে গৃহিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
অন্যদিকে, বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা এই নির্বাচন বয়কটের জন্য সেদেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। এছাড়া সেদেশের রোমান ক্যাথলিক চার্চ এবং মানবাধিকার সংগঠনগুলোও এই নির্বাচন প্রত্যাখানের আহ্বান জানায়।
প্রেসিডেন্ট দিবাই চাদে চলমান সহিংসতা দমনে অত্যন্ত কঠোর ভূমিকা নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে প্রধান বিদ্রোহী দলগুলো জানিয়েছে যেভাবেই হোক তারা এই নির্বাচন বানচাল করে দিতে বদ্ধপরিকর।
