২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের আভ্যন্তরীন বিষয়ে ইসরাইলের নাক না গলানোর জন্য ইরানের হুঁশিয়ারী

ইরান গত মঙ্গলবার ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইরানের আভ্যন্তরীন ব্যাপারে যুক্তরাষ্ট্রের  কোন অন্যায় কাজে ইসরাইল সাড়া দিলে ইরান ইসরাইলের উপর হামলা চালাবে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পারমাণবিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের  ক্রমবর্ধমান বিদ্যুত চাহিদা মেটানোর উদ্দেশ্যে প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরনের ঘোষণার সাথে সাথে ইরান ইসরাইলকে এব্যাপারে নাক না গলাতে হুঁশিয়ার করে দিয়েছে।

এদিকে তেহরান জাতিসংঘের পারমাণবিক কার্যক্রম বন্ধের নির্দেশ অগ্রাহ্য করার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র বৃটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানীর কূটনীতিকরা মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে আনার বিষয়ে তাদের করনীয় নির্ধারণে এক বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকে ইউরোপীয় তিনজন কূটনীতিক আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) মাধ্যমে জোরপূর্বক ইরানের পরমানু স্থাপনাগুলি বন্ধ করে দেয়ার পক্ষে তাদের মত প্রকাশ করেন।

এদিকে ইরান তাদের পারমাণবিক গবেষণা চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছে বলেছে শান্তিপূর্ন উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরনের ন্যায়সঙ্গত অধিকার তাদের রয়েছে।