দারফুর শান্তি চুক্তি স্বাক্ষরের সময়সীমা বর্ধিত
দারফুরের সংঘাত নিরসনে বিদ্রোহীদল এবং সুদান সরকারের মধ্যে শান্তি চুক্তি প্রতিষ্ঠায় নিয়োজিত মধ্যস্থতাকারীরা নাইজেরিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে শান্তি চুক্তি স্বাক্ষরের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন।
শান্তি চুক্তিতে স্বাক্ষরের প্রথম মেয়াদ রবিবার থেকে বাড়িয়ে মঙ্গলবার পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে শান্তি চুক্তির এই মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত করা হয়েছে।
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী রবার্ট জোলিক সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে এক বৈঠকে মিলিত হয়ে বলেন, “শান্তি চুক্তি স্থাপনের এই প্রক্রিয়া শীঘ্রই সুসম্পন্ন হবে।”
সুদান সরকার জানিয়েছে তারা বিদ্রোহীদের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে বিদ্রোহীদলগুলো সরকারের কাছে আরো সম্পদ, ক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থা দাবী করেছে।
সুদান সরকার এবং বিদ্রোহী গোষ্ঠিগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত এক বছর ধরে আলোচনা চলে আসছে।
হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে জানিয়েছেন সুদানে শান্তি প্রতিষ্ঠায় তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
