আর্মেনিয়ায় ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
আর্মেনিয়ার রাজধানী ইরেভান থেকে একটি বিমান ১০০ জন যাত্রী নিয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সোচি শহর যাবার পথে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে।
আর্মেনিয়ার আরমাভিয়া এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি ১০০ জন যাত্রী নিয়ে জর্জিয়ার সীমান্তের কাছে রাশিয়ার বিখ্যাত অবকাশযাপন কেন্দ্র সোচি’র উদ্দেশ্যে উড্ডয়ন করার পর স্থানীয় সময় ০২১৫ টায় রাডার স্ক্রীন থেকে অদৃশ্য হয়ে যায় ।
তীর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ দেখা গেছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়।
রাশিয়ার জরুরী অবস্থা মোকাবেলা মন্ত্রণালয়ের উপ-প্রধান ভিক্টর বেল্টসোভ বলেন, সাগরে লাইফ জ্যাকেট ভেসে থাকতে দেখা গেলেও কোনো মানুষের সন্ধান পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও তিনি জানান।
বিমানটিতে ১০০ জন যাত্রীর মধ্যে আটজন ক্রু এবং পাঁচটি শিশু ছিল।
