ইরানের পরমাণু কার্যক্রম পর্যালোচনার জন্য পাঁচ পরাশক্তির কূটনীতিকদের বৈঠক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র এবং জার্মানী মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে আনার বিষয়ে তাদের করনীয় নির্ধারণে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স এবং জার্মানীর শীর্ষ কূটনীতিকগণ জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রকাশিত প্রতিবেদন নিয়ে এ আলোচনায় মিলিত হতে যাচ্ছেন। এই প্রতিবেদনে বলা হয়, ইরান জাতিসংঘের নির্দেশ অনুযায়ী তার পারমানবিক কর্মসূচি বন্ধ না করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যাচ্ছে ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানী ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘকে চাপ দিয়ে যাচ্ছে।
এদিকে, জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে তার পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালানোর হুমকির তীব্র সমালোচনা করেছে ।
জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ইরানের রাষ্ট্রদূত এক চিঠিতে জানিয়েছেন ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের উপর আক্রমণের পরিকল্পনা করছে।
অন্যদিকে তেহরান জানিয়েছে, ইরান তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ন্যায়সঙ্গত অধিকারের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করবেনা।
বুশ অবশ্য ইরানে সামরিক হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমৃদ্ধকরণের বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়।
