২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের উপর মার্কিন হামলা পরিকল্পনার বিরূদ্ধে তেহরানের হুঁশিয়ারি

জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে তার পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালানোর হুমকির তীব্র সমালোচনা করেছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 09:58 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ইরানের রাষ্ট্রদূত এক চিঠিতে জানিয়েছেন ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের উপর আক্রমণের পরিকল্পনা করছে।

এদিকে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য মঙ্গলবার প্যারিসে ইরান ইস্যুতে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছে।

শুক্রবার জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পরিদর্শকদলের একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু সংক্রান্ত দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এই প্রতিবেদনে বলা হয়  ইরান জাতিসংঘের নির্দেশ অনুযায়ী তার পারমানবিক কর্মসূচি বন্ধ না করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যাচ্ছে ।

অন্যদিকে তেহরান জানিয়েছে, ইরান তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ন্যায়সঙ্গত অধিকারের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করবেনা।

বুশ অবশ্য ইরানে সামরিক হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমৃদ্ধকরণের বিষয়টি  কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়।