দারফুরে শান্তি প্রতিষ্ঠা তরান্বিত করতে আন্তর্জাতিক মহলের চাপ
সুদানের দারফুর সংকট নিরসন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা সুদানের রাজধানী খার্তুমে রবিবার অনুষ্ঠিতব্য শান্তি চুক্তিতে অংশগ্রহণ করতে সুদানের বিদ্রোহী দলগুলোকে চাপের মুখে রেখেছে।
সুদান সরকার জানিয়েছে তারা এই চুক্তি স্বাক্ষর করবে। তবে নাইজেরিয়াতে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারীরা আলোচনার মাধ্যমে বিদ্রোহী দলগুলোকে ঐক্যমতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার ।
এই চুক্তিতে সরকার সমর্থিত আরব গেরিলাদের অস্ত্র প্রত্যাহার এবং বিদ্রোহী যোদ্ধাদের সুদানের প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের কথা বলা হয়েছে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত লুইস আরবার ছয়দিনের এক সফরে শীঘ্রই সুদানের দারফুর আসছেন।
খার্তুমে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তিচুক্তির কাজে নিয়োজিত একজন মুখপাত্র শনিবার জানান সুদান সরকার সব ধরণের প্রতিবন্ধকতার মুখেও এই চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত।
জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ বিদ্রোহী দলগুলোকে এই শান্তি চুক্তি স্বাক্ষরে সম্মত করাতে আলোচনাসহ সবধরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
তবে, আফ্রিকান ইউনিয়নের শীর্ষ মধ্যস্থতাকারী সালিম আহমেদ সালিম জানিয়েছেন চুক্তির কোনো শর্তই পরিবর্তন করা হবেনা।
উল্লেখ্য, সুদানে গৃহযুদ্ধে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ২ লাখ লোক মারা গিয়েছে এবং প্রায় বিশ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।
