পশ্চিমা দেশগুলো জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে
ইরানের পারমাণবিক প্রকল্পসমূহ বন্ধ করতে পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা শুক্রবার জানায়, ইরান পারমাণবিক গবেষণা বন্ধের ব্যাপারে নিরাপত্তা পরিষদের আদেশকে উপেক্ষা করেছে।
ইরান জানায়, এই বিষয়টি নিয়ে তারা কোন গঠনমূলক সমাধানে আসতে রাজি হলেও আন্তর্জাতিক চাপের মুখে তাদের গবেষণা বন্ধ করবে না।
পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ আনার পরই জাতিসংঘ ইরানকে সকল প্রকার পারমাণবিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানের এই ঔদ্ধত্যে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, এ ব্যাপারে তিনি মার্কিন মিত্র দেশগুলোর সাথে আবারও আলাপ করবেন।
প্রেসিডেন্ট বুশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শক্তি প্রয়োগের কথা চিন্তা করে আসলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া প্রথম ও থেকেই এর বিরোধিতা করে আসছে।
২রা মে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যেতে পারে সে সম্পর্কে সিদ্ধান্ত নিবে।
