জাতিসংঘের আনবিক সংস্থা ইরানের ব্যাপারে নিরাপত্তা পরিষদকে অবহিত করবে
নিরাপত্তা পরিষদের দাবী অনুযায়ী ইরান তাদের পারমানবিক কর্মসূচী স্থগিত করেছে কিনা সে সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করবে জাতিসংঘের আনবিক সংস্থা ।
ইরান জানিয়েছে, শান্তিপূর্ন উদ্দেশ্যে পারমানবিক গবেষণা চালিয়ে যাবার সকল অধিকার তার রয়েছে এবং ইরান তা চালিয়ে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘকে চাপ প্রয়োগ করে ইরানের পরমানু সমৃদ্ধকরন প্রকল্প বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মার্কিন যুক্তরাষ্ট্র ধারণা করছে ইরান শান্তিপূর্ণ পারমানবিক গবেষণার নামে আনবিক বোমা তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানে এই প্রযুক্তিগত অগ্রগতি রুখতে মার্কিন প্রশাসন ইরানে সামরিক হামলার বিষয়টিও চিন্তা ভাবনা করে দেখছে।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডলিৎসা রাইস বলেন, নিরাপত্তা পরিষদ কতখানি কার্যকর তা নির্ভর করছে পরিষদ কর্তৃক ইরানে গবেষণা বন্ধ করতে পারা না পারার উপর।
নিরাপত্তা পরিষদ ২৯ শে মার্চের একটি বৈঠকে ইরানকে ২৮শে এপ্রিল পর্যন্ত ১ মাস সময় নির্ধারণ করে দিয়েছিল সকল পারমানবিক কার্যক্রম বন্ধ করার জন্য।
নিরাপত্তা পরিষদের দুই সদস্য রাষ্ট্র চীন ও রাশিয়া ইরানের উপর সকল প্রকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের অবস্থান নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইরানের পারমানবিক প্রকল্প বন্ধের আহ্বান জানায়।
