নেপালে ৪ বছর পর পার্লামেন্টের অধিবেশন শুরু হচ্ছে
রাজধানী কাঠমান্ডুতে চার বছর পর পার্লামেন্টের অধিবেশন শুক্রবার শুরু হচ্ছে। দেশব্যাপী তিন সপ্তাহব্যাপী বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রাজা জ্ঞানেন্দ্র ২৪ এপ্রিল পার্লামেন্ট পুনর্বহালে সিদ্ধান্ত নেন। নেপালে রাজতন্ত্রের অবসানের লক্ষ্যে বিক্ষোভ চলাকালে কমপক্ষে ১৪ জন বিক্ষোভকারী নিহত হয়।
খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নেপালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী বিরোধী দলগুলোর সাথে একজোট হয়ে আন্দোলন করে।
রাজা জ্ঞানেন্দ্র সরকারের বিরুদ্ধে মাওবাদী গেরিলাদের দমনে ব্যর্থতার অভিযোগ এনে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে সরাসরি নিজে দেশের ক্ষমতা গ্রহণ করেন।
তিনি ২০০২ সালের মে মাসে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে মাওবাদীদের দমনে নেপালে পুনরায় জরুরি অবস্থা ঘোষণা করেন।
বর্ষীয়ান নেতা গিরিজা প্রসাদ কৈরালাকে নেপালে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।
পার্লামেন্টের এই অধিবেশনে ২০০ থেকে ২০৫ জন সদস্য যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।
