শ্রীলঙ্কায় তামিল গেরিলা ঘাঁটিতে বিমান ও নৌ হামলা
শ্রীলঙ্কার সেনা সদর দপ্তরে মঙ্গলবার তামিল বিদ্রোহীদের আত্মঘাতি বোমা হামলার পর সেদেশের সেনাবাহিনী ও নৌবাহিনী তামিল ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।
তামিল বিদ্রোহীদের ওই হামলায় সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল সারাথ ফনসেকা গুরুতর আহত হন এবং দশজন নিহত হন।
সেনাবাহিনী জানায়, তামিল বিদ্রোহীরা প্রথমে ত্রিনকোনমালি বন্দরে নৌবাহিনীর জাহাজ আক্রমণ করলে শ্রীলঙ্কা সরকার ত্রিনকোনমালি ও তার আশপাশের তামিল আস্তানাগুলোতে বিমান হামলা চালায়।
তামিলরা জানায়, এই হামলা যদি তামিলদের বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকারের যুদ্ধ হয়ে থাকে তাহলে তারাও এর পাল্টা জবাব দিতে প্রস্তুত।
প্রেসিডেন্ট রাজা পাকসে জানান, তিনি তামিলদের সাথে নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে আগ্রহী নন তবে শ্রীলঙ্কা সরকার তামিলদের এই বোমা হামলায় ভীত নয়।
শ্রীলঙ্কার বিমান এবং নৌবাহিনী দেশের উত্তর-পূর্বাঞ্চলে তামিল ঘাঁটিগুলোর উপর দ্বিতীয় দিনের মতো আক্রমণ শুরু করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তামিল বিদ্রোহীদের উপর মঙ্গলবারের শ্রীলঙ্কা সরকারের বিমান আক্রমণে একজন নিহত এবং নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তামিলদের নিজস্ব ওয়েব সাইট দাবী করছে, এই হামলায় কমপক্ষে ১২জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
২০০২ সালের যুদ্ধ বিরতির পর এটাই হচ্ছে তামিলদের উপর প্রথম সরকারি আক্রমণ।
