২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০, সেনাপ্রধান আহত

শ্রীলংকার সেনা সদর দপ্তরে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় শ্রীলংকার সেনাবাহিনী প্রধান গুরুতর আহত হয়েছেন এবং তার দেহরক্ষীসহ ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

কলম্বোর এক হাসপাতালে অস্ত্রোপচারের পর সেনাবাহিনী প্রধান লে জে শরদ ফোনসেকার অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে।

শ্রীলংকার সেনাবাহিনী এই আত্মঘাতী বোমা হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার (এএলটিটিই) কে দায়ী করেছে।

গত সপ্তাহে বিদ্রোহী তামিল টাইগাররা শ্রীলংকা সরকারের সাথে তাদের পুর্বনির্ধারিত শান্তি আলোচনা বাতিল করে দেয়। শ্রীলংকায় সম্প্রতি কয়েক দফা বোমা হামলার পর সেখানে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতার পথ ধরে শ্রীলংকায় ২০০৪ সালের পর এই প্রথম আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, আত্মঘাতী একজন মহিলা পেটের মধ্যে বোমা লুকিয়ে নিজেকে গর্ভবতী বলে সেনা সদরে প্রবেশ করে এই হামলা চালায় ।

এদিকে শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকসে বলেন তার সরকার সন্ত্রাসী কর্মকান্ডে মোটেই ভীত নয় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।