নেপালে বিরোধী দলের ধর্মঘট প্রত্যাহার
নেপালের রাজা জ্ঞানেন্দ্র’র পার্লামেন্ট পুনর্বহাল রাখার দাবি মেনে নেয়ায় দেশটির সাতদলীয় বিরোধী রাজনৈতিক জোট সপ্তাহব্যাপী প্রতিবাদ বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করেছে।
বিরোধী জোট সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাকে নতুন সরকারের প্রধান মনোনীত করেছে।
রাজার এই ঘোষণার আগে দেশটি সপ্তাহব্যাপী ব্যাপক প্রতিবাদ বিক্ষোভে কমপক্ষে ১৪জন নিহত হয়।
যদিও মাওবাদী গেরিলারা রাজা ও বিরোধী জোটের মধ্যে এই সমঝোতা প্রত্যাখান করে রাজধানীকে অচল করে দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
বিরোধী জোটের মুখপাত্র কেপি সিতুলা বলেন, তারা সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। বিক্ষোভের পরিবর্তে তারা বিজয় মিছিলের পরিকল্পনা করছেন।
গত কয়েকদিনের বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ রাজপথে নেমে পুরো কাঠমান্ডুকে অচল করে দেয়। আন্দোলন সংগ্রামের মুখে রাজা জ্ঞানেন্দ্র পার্লামেন্ট পুনর্বহাল রাখার দাবি মেনে নেন।
রাজার ওই ঘোষণার পর হাজার হাজার মানুষ আনন্দ উল্লাস করতে রাজপথে নেমে আসে। অনেকেই বলতে থাকেন রাজা ক্ষমতা না ছাড়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।
এদিকে বিরোধী দল ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় নগরীর জীবনযাত্রা আবারো স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। রাস্তা যানবাহন নামতে শুরু করেছে, মোবাইল ফোনের সংযোগ আবারো চালু করা হয়েছে। রাজপথে এখনো দাঙ্গা পুলিশ রয়েছে।
রাজনৈতিক দলগুলো মাওবাদীদের সাথে সমঝোতায় আসতে না পারার কারণ দেখিয়ে রাজা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে সরাসরি ক্ষমতা গ্রহণ করেন।
কমিউনিস্ট পার্টির নেতা মহাদেব কুমার নেপাল বলেন, নতুন সরকার গঠন করাই হবে এখন প্রথম কাজ। ওই সরকার সংবিধান সংশোধন করবে।
মাওবাদীরা বলেছে, এর আগে নভেম্বরে রাজা ও বিরোধী দলের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। ওই সমঝোতায় নতুন নির্বাচন ও রাজতন্ত্রের বিলোপের কথা বলা হয়েছিল।
মাওবাদী নেতা পরাচন্দ্র এক বিবৃতিতে বলেন, নভেম্বরের ওই সমঝোতা চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হলে তারা রাজধানী কাঠমান্ডু অবরোধ অব্যাহত রাখবে।
রাজা জ্ঞানেন্দ্র সোমবার টেলিভিশন ভাষণে বিরোধী দলের দাবি মেনে নেন। ওই রাতেই কারফিউ থাকা সত্ত্বেও জনতা রাজপথে বেরিয়ে এসে স্লোগান দিতে থাকে: ‘এটা জনগণের বিজয়’, ‘গণতন্ত্র দীর্ঘজীবী হোক’।
রাজা টেলিভিশন ভাষণে বলেন, বহুদলীয় গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার জন্যে তিনি এই দাবি মেনে নিয়েছেন। এতে করে জাতি স্থিতিশীল অবস্থা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট রাজা জ্ঞানেন্দ্র’র জনগণের দাবি মেনে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
গত ১০ বছরে মাওবাদী গেরিলারা দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। ওই সময় থেকে দেশটিতে প্রায় ১৩ হাজার লোক নিহত হয়েছে।
