শিশুর দীর্ঘদিন মাতৃদুগ্ধ পান মাদকাসক্তির প্রতিষেধক
ডেনমার্কে প্রকাশিত এক তথ্য থেকে জানা গেছে, শিশুকে আগেভাগেই স্তনদুগ্ধপান থেকে বিরত করলে সেসব শিশুদের পরবর্তীতে মাদক গ্রহণের প্রবণতা বেড়ে যায় এবং মাদকের সাথে সম্পৃক্ত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হবার শতকরা হারও বেড়ে যায়।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. হলগার জে. সোরেনসন এবং তার মার্কিন সহকর্মীবৃন্দ যৌথভাবে, যেসব সন্তান স্বল্প সময় স্তনদুগ্ধ পান করে তাদের পরবর্তী জীবনে মাদক গ্রহণের প্রবণতা কতখানি তা নিরূপণে এক গবেষণায় অংশগ্রহণ করেন।
১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে জন্মগ্রহণকারী ৩২৪৫ জন পুরুষ এবং ৩৩১৭ জন নারীর মধ্যে এই জরিপ চালানো হয়। দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৪% মাত্র মাসখানেক মাতৃদুগ্ধ পান করেছে।
১৯৯৯ জন পুরুষ ও নারীর মধ্যে পরিচালিত জরিপে দেখা গেছে, এদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৪০ জন নারী মাদকদ্রব্য গ্রহণজনিত অসুস্থতা পরীক্ষায় হসপাতালে ভর্তি হয়েছিলেন।
১৩৮ জন আক্রান্ত ব্যক্তির মধ্যে ৬৩ জন মাত্র মাসখানেক স্তনদুগ্ধ পান করেছে, বাকি ৭৫ জন দীর্ঘদিন মাতৃদুগ্ধ পান করেছে। গবেষকরা দেখেছেন, এদের মধ্যে যারা মাসখানেক মাতৃদুগ্ধ পান করেছে তাদের ক্ষেত্রে মাদকে আক্রান্ত হওয়ার সংখ্যা ৬৫%।
সোরেনসন এবং তার দল মনে করেন মায়ের সাথে শিশুর শারীরিক এবং মানসিক দূরত্বই সন্তানদের মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ার অন্যতম কারণ।
এছাড়া, যেসব শিশুকে স্বল্পসময় মাতৃদুগ্ধ পান করানো হয় তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ কম ঘটে বলে গবেষকরা ধারনা করেন।
