বাগদাদে মর্টার হামলায় ৬ জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদে রোববার মর্টার হামলায় কমপক্ষে ছয়জন বেসামরিক লোক নিহত এবং দুইজন আহত হয়েছে।
কঠোর নিরাপত্তাবেষ্টিত বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সাব স্টেডিয়ামের কাছে তিনটি মর্টার হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এই ঘটনায় আরও হতাহত হয়েছে কিনা সেজন্য পুলিশ ঘটনাস্থলে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ইরাক পার্লামেন্ট সেদেশের প্রেসিডেন্ট, দুইজন ভাইস-প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার এবং দুইজন ডেপুটি স্পিকার নির্বাচিত করার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটলো।
পুলিশের লেফটেনেন্ট মেইথাম আব্দুল রাজ্জাক জানান, আহতদের মধ্যে একজন বাগদাদের প্রতিরক্ষা মন্ত্রালয়ে কর্মরত।
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মহিলা মুখপাত্র বাগদাদের কর্মকর্তাদের এই হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন তথ্য দিতে পারেননি। তবে তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানান।
