ইরাকের নতুন প্রধানমন্ত্রী মালিকিকে সরকার গঠনের আহ্বান
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি শিয়া শীর্ষ রাজনীতিবিদ জাওয়াদ আল মালিকিকে ইরাকের পরবর্তী সরকার গঠনে আহ্বান জানিয়েছেন।
মালিকির সরকার গঠনের মধ্যে দিয়ে ইরাকে সাম্প্রদায়িক সহিংসতার দরুন দীর্ঘ ৪ মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে বলে আশা করা হচ্ছে। জাতিগত এই সহিংসতা ইরাককে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফরির পরিবর্তে শিয়া জোট দাওয়া পার্টির প্রার্থী মালিকিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে এ মনোনয়ন দেয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট বুশ এই মনোনয়নকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে চিহ্নিত করে বলেন, “নতুন সরকার ইরাকের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করবে।”
বুশ মনে করেন, এই সিদ্ধান্ত ইরাকের গণতন্ত্র অর্জনের পথে মাইলফলক হয়ে থাকবে।
এর ফলে মার্কিন এবং ইরাকি কর্মকর্তাগণ ইরাকে শিয়া, সুন্নি ও কুর্দিদের নিয়ে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন সম্ভব বলে আশা করছেন।
প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন পাওয়ার পর মালিকি নতুন সরকার গঠনে ৩০দিন সময় পাবেন।
