২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজার নমনীয়তা সত্ত্বেও নেপালে বিক্ষোভ অব্যাহত

নেপালের রাজা জ্ঞানেন্দ্র তার পূর্বের অবস্থান থেকে ফিরে এসে অন্তবর্তীকালীন সরকারের জন্য একজন প্রধানমন্ত্রীর নাম সুপারিশ করতে বিরোধী জোটের প্রতি আহ্বান জানালেও পক্ষকাল ধরে চলতে থাকা বিক্ষোভ বন্ধ হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

শনিবারও বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর নিরাপত্তা দেয়াল ভেদ ও দিবাকালীন কারফিউ উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে।

বিক্ষোভকারীরা রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও গুলিবর্ষণ করে এবং তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

নেপালে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজা জ্ঞানেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা তাকে অপর্যাপ্ত বলে আখ্যায়িত করে ও রাজাবিরোধী স্লোগান দেয়।

শনিবার রাজধানী কাঠমান্ডু ও তার আশেপাশের এলাকায় নতুন করে দিনের বেলায় আট ঘণ্টার ‘দেখা মাত্র গুলি’ করার নির্দেশসহ কারফিউ জারি করা হয়।

কারফিউ উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। রাজধানীর কেন্দ্রস্থলে সবচেয়ে বড় সমাবেশে বিক্ষোভকারীরা ‘আমরা প্রজাতন্ত্র চাই, আমরা আর কোনো রাজা চাই না’ বলে স্লোগান দেয়।

সরকারি সেনারা এ সময় ট্যাঙ্ক নিয়ে রাস্তায় অবরোধ তৈরি করে। বিক্ষোভকারীদের মাথার ওপরে উড়তে থাকে সামরিক হেলিকপ্টার।

প্রতিবাদকারীদের সাথে নিরাপত্তা কর্মীদের এক সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। থাপাথালির নরভিক হাসপাতালে আহতদের অনেকেই চিকিৎসা নিচ্ছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য একজন প্রধানমন্ত্রীর নাম সুপারিশ করতে রাজা সাতটি বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে গড়া বিরোধী জোটের প্রতি যে আহ্বান জানিয়েছেন, বিরোধী জোট নেতারা শনিবার এক বৈঠকের পর সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ ব্যাপারে নেপাল কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাধব কুমার নেপাল বলেন, আমরা প্রস্তাব গ্রহণ করবো না। আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো।

বিরোধী দলগুলো অভিযোগ করে বলেছে, রাজা তাদের অনেক মৌলিক দাবি মেটাতে ব্যর্থ হয়েছেন।

১৭ দিন ধরে নেপালে চলতে থাকা ধর্মঘটের কারণে দেশটির অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে।