‘দেখা মাত্রই গুলি’ করার নির্দেশ উপেক্ষা করে রাজপথে নেপালিরা
নেপালে রাজতন্ত্রবিরোধী হাজার হাজার বিক্ষোভকারী বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে কর্তৃপক্ষের ‘দেখা মাত্র গুলি’ করার নির্দেশ সংক্রান্ত কারফিউ অমান্য করে সমাবেশ করছে।
বিরোধী দলগুলো যাতে রাজধানীতে রাজার বিরুদ্ধে মিছিল বা সমাবেশ না করতে পারে তা নিশ্চিত করতে শহরে কারফিউ জারি করা হয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা ইতোমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে কারফিউ ঘোষিত এলাকায় জড়ো হতে শুরু করেছেন।
রাজা জ্ঞানেন্দ্রের সর্বময় শাসনের অবসানে বিরোধী দলগুলো যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হচ্ছে। দেশটিতে ১৫ দিন ধরে চলতে থাকা ধর্মঘটে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
নেপালে মাওবাদীদের দমনে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে রাজা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তৎকালীন শের বাহাদুর দিউবার সরকারকে বরখাস্ত করেন এবং শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন।
কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ১৮ ঘন্টার কারফিউ ভঙ্গকারীকে দেখা মাত্র গুলি করা হবে।
রাজধানীর পশ্চিমাঞ্চলীয় প্রবেশপথে অবস্থান নেওয়া বিরোধী কর্মীরা বলেছেন, হাজার হাজার লোক নিরাপত্তা অঞ্চল ভঙ্গ করেছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। রাজধানীর উত্তর দিকেও বিক্ষোভকারীরা একইভাবে নিরাপত্তা দেয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করছেন বলে জানা গেছে।
কাঠমান্ডুর উত্তর--পূর্বাংশে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে খবর পাওয়া গেছে। মাথার ওপরে সামরিক হেলিকপ্টার চলাচল উপেক্ষা করে তারা চিৎকার, উল্লাস ও শিঁস দিচ্ছে। ঠিক একই ভাবে নগরীর চাবাইল এলাকায় দুই হাজারের বেশি বিক্ষোভকারী সমবেত হয়ে ‘আমরা গণতন্ত্র চাই’ ও অন্যান্য শ্লোগান দেয়।
কারফিউয়ের পাশাপাশি কর্তৃপক্ষ ধর্মঘট চলাকালে আটককৃত মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনীতিবিদদের আটক রাখার সময়সীমাও বৃদ্ধি করেছে।
