নেপালে ধর্মঘটের ১৫ তম দিনে সান্ধ্য আইন জারি
বিরোধী দলের বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনার প্রেক্ষিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিরাধী দলের অনির্দিষ্ট ধর্মঘটের ১৫ তম দিনে ১৮ ঘন্টার সান্ধ্য আইন জারি করা হয়েছে।
নেপালের সরকার সান্ধ্য আইন বলবৎ রাখার সিদ্ধান্তে অটল থেকে বলেছে, এ আইন লঙ্ঘনকারী যে কাউকে দেখা মাত্র গুলি করা হবে । খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নেপালের প্রশাসন জানিয়েছে যে দেশে অরাজকতা ও সহিংসতা সৃষ্টির জন্য মাওবাদী বিদ্রোহীরা সেখানে বিভিন্ন প্রকার বিক্ষোভ প্রদর্শন করছে।
সান্ধ্য আইন বলবৎ রাখার সঙ্গে সঙ্গে নেপাল সরকার সেদেশে কারারুদ্ধ বিভিন্ন মানবাধিকার কর্মী ও বিরোধী নেতা-কর্মীদের কারাবাসের সময়ও দীর্ঘায়িত করা হয়েছে।
এর আগে নেপালের নিরাপত্তা কর্মীরা একটি র্যালিতে গুলি বর্ষণ করলে বিষয়টি আন্তর্জাতিক সমালোচনায় উঠে আসে।
এ বিষয়ে ভারতীয় দূত করন সিং নেপাল পরিদর্শন করে সেখানের বিরাজমান অবস্থার সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বৃহস্পতিবার এ বিষয়ে নেপালের রাজা জ্ঞানেন্দ্রর সঙ্গে আলোচনায় বসবেন।
