ইরাকে পৃথক পৃথক সহিংসতায় নিহত ১৭
ইরাকের রাজধানী বাগদাদ এবং বসরা শহরে শুক্রবার পৃথক পৃথক সহিংস ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। পুলিশ ও সামরিক বাহিনী সূত্রে এ খবর জানা গেছে।
ইরাকি পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে একটি নির্মাণ কোম্পানির সাতজন ইরাকি শ্রমিককে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, কাপড়ে চোখ বেঁধে ও হাতকড়া পড়িয়ে বিদ্রোহীরা ১০জন শ্রমিককে অপহরণ করে দেশের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় নিয়ে যায়। পরে দেয়ালের পাশে দাঁড় করিয়ে অপহৃতদের লক্ষ্য করে গুলি করা হয়। তিনজন সৌভাগ্যক্রমে বেঁচে যেতে সক্ষম হলেও সাতজন প্রাণ হারায়।
তারা সবাই সুন্নি আরব বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাজধানী বাগদাদের কাছে এক সহিংস ঘটনায় দুই পুলিশ নিহত হয়েছে। পুলিশের একটি যানকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালিয়ে ওই দুই পুলিশকে হত্যা করে বলে পুলিশ জানায়।
বাকুবার একটি সুন্নি মসজিদে অপর এক বোমা হামলার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।
বসরাতে শুক্রবার একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দুই ইরাকি নিহত ও আরো চার ব্রিটিশ সরকারি কর্মকর্তা আহত হয়েছে।
