ভারতের সঙ্গে পারমানবিক চুক্তি অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ভারতকে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি প্রদানের একটি চুক্তি অনুমোদনের জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন।
তিনি মার্কিন সিনেট কমিটিকে বলেন, চুক্তিটি আমেরিকা ও ভারত ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও ইতিবাচক। খবর বার্তা সংস্থার।
এই চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ ব্যাহত হবে Ñ সমালোচকদের এমন আশংকা রাইস নাকচ করে দেন।
প্রেসিডেন্ট বুশ গতমাসে ভারত সফরের সময় এই চুক্তির বিষয়ে প্রথম আলোকপাত করেন। উল্লেখ্য যে, চুক্তিটি গত কয়েক দশকের মার্কিন পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
১৯৭৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে পারমাণবিক সহযোগিতা স্থগিত করেছিলো, যখন ভারত তাঁর প্রথম পরমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিলো ।
নতুন প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ভারত, আমেরিকার বেসামরিক পারমানবিক প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে। বিনিময়ে ভারতকে তাঁর ২২টি পারমানবিক স্থাপনার মধ্যে ১৪টিকে বেসামরিক ব্যবহারের জন্য চিহ্নিত করে সেগুলি সম্পূর্ণরূপে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য খুলে দিতে হবে।
