মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বন্দী নির্যাতনের অভিযোগ এনেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইয়েমেনের তিনজন নাগরিককে পূর্ব ইউরোপের কোন একটি বন্দীশিবিরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এই তিন ইয়েমেনীয় নাগরিকের বক্তব্যের ভিত্তিতে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে সন্ত্রাসী সন্দেহে আটককৃতদের উপর মার্কিন সেনাদের নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে।
ইতোপূর্বে ওয়াশিংটন কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত বা সন্ত্রাসী সন্দেহে ধৃত ব্যক্তিদের তারা এমন কোথাও আটক রাখবে না যেখানে তাদের উপর নির্যাতন হতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন সম্পর্কে জানলেও এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রতিবেদনটিতে এই তিন ইয়েমেনীয় নাগরিকের বন্দীদশার বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা করা হয়েছে। বর্তমানে মুক্ত এই তিন ইয়েমেনীয় পুরুষ দাবি করেছেন যে, ২০০৩ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের মে মাস পর্যন্ত তাদেরকে অন্ততঃ চারটি গোপন মার্কিন কারাগারে বন্দী রাখা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিআইএ দ্বারা পরিচালিত ইউরোপের কোন একটি গোপন বন্দীশিবির থেকে ১৩ মাস পর মুক্তি পেয়ে এই তিন নির্যাতিত ইয়েমেনীয় নাগরিক স্বদেশে প্রত্যাবর্তন করেন।
মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বড় বড় বেসরকারী কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে বন্দীদের প্রেরণ ও নির্যাতনেরও অভিযোগ তুলেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
