থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বিজয়ের কথা ঘোষণা করেছেন থাকসিন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বলেছেন, রোববারের মধ্যবর্তী নির্বাচনে তার দল ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে।
এই বিজয় তার প্রতি আনীত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রমাণ করেছে বলে তিনি মনে করেন।
তবে তিনি তার দল থাই রাখ থাই পার্টির প্রতি থাই জনগণের সমর্থন কমে যাবার কথা স্বীকার করে বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।
আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফলাফল প্রকাশিত না হলেও সিনাওয়াত্রা জানান, তার দল ৫৭% ভোট পেয়েছে। সংসদে ৫০০টি আসনে তার দল ৩৪৯টিতে জিতেছে যা গত বছরের তুলনায় ২৮টি কম।
থাকসিন বলেন, “গত বছর আমরা এ গ্রেড পেয়ে জিতেছিলাম আর এবার আমরা পেয়েছি বি গ্রেড। পার্থক্য তেমন কিছু নেই। কেননা আমরা পরীক্ষায় পাশ করেছি।”
তার এই নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো ৪০০ আসনের ২৭৮টিতে কোন প্রার্থীকে মনোনয়ন দিতে অস্বীকৃতি জানায়। ঐ আসনগুলোতে থাকসিনের দল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়।
নির্বাচন কমিশন অবশ্য বলেছে, ৩৮টি আসনে জয়ী প্রার্থীরা মোট ভোটের বিশ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
