জাতিসংঘ ‘স্থল মাইন সচেতনতা দিবস’ পালন করছে
বিশ্বব্যাপী স্থল মাইনের ভয়াবহতা রোধে এবং স্থল মাইনের ব্যবহার নিমূল করার লক্ষ্যে জাতিসংঘ এই প্রথমবারের মতো ‘স্থল মাইন সচেতনতা দিবস’ সতর্কতা দিবস পালন করছে।
বিশ্বের প্রায় ৩০টি দেশ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
স্থল মাইন সচেতনতা দিবসের এক বিশেষ বাণীতে জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেন, সভ্য জগতে স্থল মাইনের কোন স্থান নেই।
প্রতি বছর সারা পৃথিবীতে ২০ হাজারের মতো মানুষ স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছে কিংবা চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, যাদের মধ্যে এক-পঞ্চমাংশই শিশু ও কিশোর।
জাতিসংঘের মাইন এ্যাকশন সার্ভিসের পরিচালক ম্যাক্স গেলার্ড বিশ্বব্যাপী স্থল মাইন নির্মূলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এ ব্যাপারে সাফল্য অর্জন করবো কেননা স্থল মাইনে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিন দিন কমে আসছে।
গেলার্ড স্থল মাইনের বিরুদ্ধে অভিযানের এই সফলতার পেছনে আন্তর্জাতিক সহযোগিতা ও নীতির প্রশংসা করে এ ব্যাপারে তাদের আরও আর্থিকভাবে সহযোগিতা করার আহবান জানান।
বিশ্বব্যাপী ৮০টিরও বেশি দেশে বিভিন্ন যুদ্ধ ও গৃহযুদ্ধের পর অসংখ্য স্থল মাইন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতি বছর এসব মাইন বিস্ফোরণে ২০ হাজার মানুষ মৃত্যুবরণ বা পঙ্গুত্ব বরণ করছে।
স্থল মাইন বিরোধী অভিযানে ইতোধ্যেই দেড়শ’টির মতো দেশ মানব বিধ্বংসী মাইন ব্যবহার নিষিদ্ধকরণের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
