থাইল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে সিনাওয়াত্রার বিজয় সত্ত্বেও সহসাই কাটছে না রাজনৈতিক সংকট
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার রাজনৈতিক দল রোববারের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করলেও তার বিপরীতে যে পরিমাণ ভোট পড়েছে তাতে করে দেশটির রাজনৈতিক সংকটের সহসা অবসান হবে বলে মনে হচ্ছে না।
নির্বাচন কমিশন বলেছে, বিরোধী দলের বয়কটের মধ্যেই অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার রাজনৈতিক দল এখন পর্যন্ত গোনা ভোটেই বিজয়ী হয়েছে।
তবে নির্বাচন কমিশন এটাও বলেছে, ৩৮টি আসনে জয়ী প্রার্থীরা মোট ভোটের ২০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
পার্লামেন্টের অধিবেশন ডাকার আগে ৫০০টি আসনের প্রত্যেকটি বিদ্যমান আইন অনুযায়ী পূর্ণাঙ্গ হতে হবে।
প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা সোমবার বলেন, তিনি সমঝোতার প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন।
থাই গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করার জন্যে প্রধানমন্ত্রী তার সহকারীর দু’টি পদ ছেড়ে দিতে পারেন।
সোমবার প্রধানমন্ত্রী টেলিভিশনে সাক্ষাৎকার দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে সিনাওয়াত্রা মধ্যবর্তী নির্বাচন আহ্বান করেন।
কিন্তু প্রধান বিরোধী দলগুলো ৪০০ আসনের ২৭৮টিতে কোন প্রার্থীকে মনোনয়ন দিতে অস্বীকৃতি জানায়। ওই আসনগুলোতে সিনাওয়াত্রার দল থাই রাক পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল সোমবার রাত অথবা মঙ্গলবারের আগে প্রকাশিত হবে না।
এদিকে থাকসিনবিরোধীরা বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন।
