সৌদি আরবে আল-কায়েদার জঙ্গি সন্দেহে ৪০ জন গ্রেফতার
সৌদি আরবে আল-কায়েদার জঙ্গি সন্দেহে ৪০ জনকে গ্রেফতার করেছে বলে সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন।
সৌদি আরবের টেলিভিশন জানিয়েছে, রাজধানী রিয়াদ এবং দেশের অন্যান্য স্থান থেকে এই জঙ্গিদের বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আটজন গত মাসে সৌদি আরবে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার ‘আবকাইক’এ বোমা হামলা প্রচেষ্টার সাথে জড়িত ছিল বলে ধারনা করা হচ্ছে।
সৌদি টেলিভিশনে তাদের গ্রেফতারের বিস্তারিত বর্ণনাসহ উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেখানো হয়েছে।
টেলিভিশনে বলা হয়, সৌদি নিরাপত্তা বাহিনী রিয়াদ, মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন স্থানে আল-কায়েদা জঙ্গিদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।
