প্রধান বিরোধী প্রার্থী প্রেসিডেন্ট বেলারুশে পুন:নির্বাচন দাবি করেছেন
বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী প্রার্থী আলেকজান্ডার মিলিনকেভিচ রোববার নির্বাচনের পরপরই কারচুপির অভিযোগ এনে পুন:নির্বাচন দাবি করেছেন।
মিনস্কের এক বিক্ষোভ সমাবেশে হাজার হাজার সমর্থকদের মধ্যে ভাষনদানকালে মিলিনকেভিচ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকো’র বিজয়কে ‘জোচ্চুরি’ আখ্যা দিয়ে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
প্রাথমিক এক ফলাফলে জানা যায়, লুকাসেনকো ৮২.৬ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
বিজয়ী লুকাসেনকো ইতিমধ্যেই বিরোধী দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে কোনো বিপ্লব বা অভ্যুত্থানের সকল প্রচেষ্টা তিনি কঠোর হাতে দমন করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে বেলারুশের নির্বাচন কমিশন প্রধান লিডিয়া ইয়ারমোসিনা জানিয়েছেন, প্রধান বিরোধী প্রার্থী হিসেবে মিলিনকেভিচ মাত্র ৬ শতাংশ ভোট পেয়েছেন।
