ইরাক যুদ্ধের ৩য় বর্ষপুর্তিতে বিশ্বব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ইরাক যুদ্ধের তিনবছর অতিক্রান্ত হওয়া উপলক্ষে হাজার হাজার যুদ্ধ বিরোধী ও শান্তিপ্রিয় মানুষ শনিবার পৃথিবীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশের মাধ্যমে ইরাক যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে সেখান থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর সেনাদের প্রত্যাহারের আহবান জানিয়েছে।
নিউইয়র্কে ‘আরব মুসলিম আমেরিকান ফেডারেশন’এর নেতা উয়ায়েল মুসফার এর নেতৃত্বে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী টাইমস্ স্কয়ারের কাছে একটি মিলিটারী রিক্রুটিং অফিসের সামনে যুদ্ধ বিরোধী সমাবেশ করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সমাবেশে মুসফার বলেন, “অনেক ভন্ডামি আর মিথ্যাচার হয়েছে, আর নয়। এখন মার্কিন সেনাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে।” বিক্ষোভকারীরা এসময় “ইরাক, কোরিয়া, ফিলিপাইনে মার্কিন যুদ্ধবাজী বন্ধ করো” বলে শ্লোগান দিতে থাকে।
এদিকে শিকাগোতে এক প্রতিবাদ সমাবেশে ৩৩ বছর বয়সী রায়ান স্টাইলেস নামক এক আমেরিকান প্রেসিডেন্ট বুশের ইরাক নীতির সমর্থন জানিয়ে বলেন, “আমি ইরাকে সন্ত্রাস দমনের যুদ্ধে বিশ্বাস করি। আমি আমি এই সমাবেশে উপস্থিত হয়েছি এটা প্রমানের জন্য যে বুশ ইরাকে যা করেছেন তার প্রতি আমেরিকানদের সমর্থন রয়েছে।”
এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে ইরাক-যুদ্ধবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ১৫ হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
