হামাস মন্ত্রিসভা গঠনের কাজ চূড়ান্ত করেছে
ফিলিস্তিনে ক্ষমতাসীন দল হামাস জানিয়েছে, তারা একটি মন্ত্রিসভা গঠনের কাজ চূড়ান্ত করেছে যেখানে গুরুত্বপূর্ণ পদগুলো হামাস নেতাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
ফাতাহ দলের নেতা মাহমুদ আব্বাস ও অন্যান্য ছোট দলগুলোর নেতাদের কেউই মন্ত্রিসভায় স্থান পাননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ফাতাহ দলকে বাদ দিয়ে মন্ত্রিসভা গঠনের ফলে ফিলিস্তিনের সাথে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামাসের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া জানান, শীঘ্রই মাহমুদ আব্বাসের কাছে মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা পেশ করবেন।
মাহমুদ আব্বাস এই মন্ত্রিসভার অনুমোদন দিবেন বলে আশা করা হলেও আশঙ্কা করা হচ্ছে হামাস তার কট্টর অবস্থান থেকে সরে না আসলে ফিলিস্তিনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
ফাতাহ দল ফিলিস্তিনের সাথে ইসরাইলের সকল চুক্তিকে স্বীকৃতি দিতে আহবান জানালেও হামাস তাতে অস্বীকৃতি জানিয়েছে।
ইসমাইল হানিয়া জানান, সংসদ সদস্যের বাইরে থেকে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হলেও হামাস নেতারাই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
