ইরাকে নতুন পার্লামেন্টে প্রথম অধিবেশন শুরু
ইরাকের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তিন মাস পর বৃহস্পতিবার নব নির্বাচিত ইরাকী পার্লামেন্ট সদস্যদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে।
ইতিপূর্বে বিভিন্ন দলের মধ্যে বড় বড় রাজনৈতিক পদগুলোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কারণে সংসদের উদ্বোধনী অনুষ্ঠান বিলম্বিত করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এই বিরোধের ফলে নতুন সরকারের কার্যকরী একটি কাঠামো তৈরিতে আরও দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকে শিয়া-সুন্নীদের মধ্যে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের আশঙ্কার মধ্য দিয়েই সংসদের এই অধিবেশন শুরু হয়েছে।
ইরাকী সংসদের উদ্বোধনী অধিবেশন ইতিপূর্বে ১৯ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলেও ১৬ মার্চ অধিবেশন বসেছে। আর নির্বাচনের পর তিন মাসের মধ্যে এটাই হচ্ছে প্রথম ইরাকী সংসদ অধিবেশন।
অনেকে ধারণা করছেন যে, জাতীয় ঐক্যের ইরাকী সরকারই পারে ইরাকের বর্তমান দাঙ্গা ও সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে দেশটিকে বাঁচাতে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন ইরাকে আরও জটিল কিছু সমস্যা রয়েছে সেগুলোকে আগেত দূর করতে হবে।
