২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য মুক্ত বাণিজ্যের চুক্তিকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদের মুখে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো ক্যাস্টিলো পদত্যাগ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 10:16 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ক্যাস্টিলোর পদত্যাগের ফলে বিগত ১১ মাসে ইকুয়েডরের তিনজন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন। ক্যাস্টিলো বলেছেন, বর্তমান সংকট নিরসনে সরকারের ব্যর্থতা ও তার ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে ইকুয়েডরের আদিবাসিরা গত তিনদিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ করে জানিয়েছে মার্কিনীদের সাথে তাদের মুক্ত বাণিজ্য চুক্তি চালু হলে তাদের জীবন ক্ষতিগ্রস্ত হবে। তারা শীঘ্রই এই চুক্তির সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানায়। 

বিক্ষোভকারীরা দেশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো ব্যারিকেড দিয়ে রেখেছে। ফলে রাজধানী কুইটোসহ দেশের বিভিন্ন প্রদেশে সরবরাহ কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে।

বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে এপর্যন্ত ১৪জন আহত হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বিক্ষুব্ধ ইকুয়েডরবাসির একটাই কথা যে মার্কিনীদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি তাদের অর্থনীতি এবং সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করবে।