সীমান্ত সমস্যা নিয়ে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে
সীমান্ত সমস্যা নিরসনকল্পে লন্ডনে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে আলোচনা শেষে কূটনীতিকরা বৈঠকের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন, সঙ্কট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সীমান্ত সমস্যাকে ঘিরে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় বিংশ শতাব্দীর শেষ ভাগে। ২০০০ সালে শেষ হওয়া এই যুদ্ধে উভয় দেশের ৭৬,০০০,লোক নিহত হয়।
জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের একটি দল ২০০২ সাল থেকে দেশ দুটির সীমান্ত পাহারা দিয়ে আসছে। ইথিওপিয়া আরও আলোচনার মধ্য দিয়ে সীমান্ত নির্ধারণের দাবি জানালেও ইরিত্রিয়া এর বিরোধিতা করে আসছে।
এই উদ্ভূত সমস্যা নিরসনকল্পে লন্ডনে মার্কিন প্রশাসন ও জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার কূটনীতিকদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আদালতের প্রতিনিধির সভাপতিত্বে বৈঠকটিতে দু’দেশের প্রকৃত সীমানা কিভাবে নির্ধারণ হওয়া উচিৎ সে বিষয়ে আলোকপাত করা হয়।
ইথিওপিয়ার কূটনীতিক জানিয়েছেন যে ইথিওপিয়া কোন শর্ত ছাড়াই তাদের সীমান্তে আন্তর্জাতিক আদালতের নিরাপত্তারক্ষাকারী দল অবস্থানকে মেনে নিয়েছে। অন্যদিকে ইরিত্রিয়া দু’দেশের সীমান্ত নির্ধারণকল্পে একজন ‘সীমান্ত বিশেষজ্ঞের’ নিয়োগের প্রস্তাব মেনে নিয়েছে।
কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত নির্ধারণ প্রকল্প পূনরায় শুরু করতে দুই দেশই একমত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে আয়োজিত এই আলোচনার মধ্য দিয়ে সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যকার দীর্ঘদিনের বিবাদ ও যুদ্ধের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী এপ্রিল মাসে লন্ডনে উভয়দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার কথা রয়েছে।
