ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রস্তাব স্বাগত জানিয়েছে ফিলিস্তিন
ফিলিস্তিনি রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম সচল রাখতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জরুরি ভিত্তিতে ১২০ মিলিয়ন ইউরো সহায়তা প্রদানের যে প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের তত্ত্বাবধায়ক সরকার তাকে স্বাগত জানিয়েছে।
অর্থমন্ত্রী মাজেন সিনোকরট ইইউ’র প্রস্তাবকে বিজ্ঞ সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। অবশ্য ইসরাইলের মুখপাত্র বলেছেন, এটি ভুলপথে পরিচালিত হচ্ছে।
প্রস্তাবিত অর্থের অধিকাংশ অংশ সরাসরি সরকারের কাছে না গিয়ে চলমান সহযোগিতা কর্মসূচি ও জ্বালানি বিল পরিশোধে তা ব্যয় করা হবে।
নির্বাচনে বিজয়ের পর হামাস সরকার গঠন করলে অনুদান বন্ধ করে দেওয়া হবে কিনা তা নিয়ে ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্র বিতর্ক করছে। ইসলামী জঙ্গি সংগঠন হামাস পৃথিবীর অনেক দেশের চোখেই সন্ত্রাসবাদী সংগঠন। এটি ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না।
ইসরাইলি সরকারের সিনিয়র কর্মকর্তা রানান গিসিন বলেন, ভুল খাতে ভুল সময়ে প্যাকেজ প্রদানের এ ভুল সিদ্ধান্তটি নেয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, প্রস্তাবিত অর্থ যে মানবিক খাতে ব্যয় করা হবে ইউরোপীয়দের কাছে তার কি নিশ্চয়তা রয়েছে?
ওয়াশিংটনও ইইউ’র সহায়তা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে তারা এটাও বলেছে, হামাস সরকার গঠন করলে সহযোগিতা প্রদানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তারা পর্যালোচনা করবে।
সহায়তার অর্থের মধ্যে ৬০ মিলিয়ন ইউরো জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে ফিলিস্তিনের দরিদ্রতম অঞ্চলের জনসাধারণের পিছনে ব্যয় করা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা-কমচারিদের বেতন দিতে ব্যয় করা হবে ২০ মিলিয়ন ইউরো। আর ৪০ মিলিয়ন ইউরো ব্যয় হবে বিদ্যুত বিল ও অন্যান্য জ্বালানি খরচ মেটাতে।
আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য প্রতিনিধি জেমস উলফেনসন সতর্ক করে দিয়ে বলেছেন, আসছে কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনি তত্ত্বাবধায়ক সরকার আর্থিক সংকটের মুখোমুখি হবে।
ইইউ’র বহির্বিভাগ সম্পর্ক বিভাগের কমিশনার বেনিটা ফেরেরো-ওয়াল্ডনার বলেছেন, ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ও তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে নতুন এ সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে।
এদিকে হামাস মুখপাত্র সামি আবু জাহরি ইইউ’র সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন।
