নোবেল শান্তি পুরস্কার তালিকায় রক স্টার
আয়ারল্যান্ডের দুই রক তারকা বব গেলদফ এবং বোনো ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত ১৯১ জনের মধ্যে স্থান পেয়েছেন।
গত বছর একটি দাতব্য কনসার্ট আয়োজন করার জন্য গেলদফকে নোবেল পুরস্কারের জন্য এই মনোনয়ন দেয়া হয়েছে। ওই কনসার্টে বোনো বিশ্বের দারিদ্র দূরীকরণের জন্য অভিযান শুরু করার প্রস্তাব করেন।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে আছেন সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কলিন পাওয়েল এবং ইসরাইলী ভিন্ন মতাবলম্বি মোরডেসি ভানুনু।
গত বছর ১৩ লাখ ডলারের এই পুরস্কারটি জিতে নেন জাতিসংঘ আণবিক সংস্থার প্রধান মোহামেদ এলবারাদি। এবছরের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে অক্টোবরে।
এবারের পুরস্কারের জন্য দ্বিতীয় সর্বোচ্চ জন ব্যক্তিত্বকে মনোনয়ন দেয়া হয়েছে। গত বছর রেকর্ড সংখ্যক ১৯৯ জন ব্যক্তিত্ব এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন অংশ থেকে স্ব স্ব ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিত্বকে মনোনয়ন দেয়া হয়েছে, যার মধ্যে এমনও কিছু দেশ আছে যেখান থেকে প্রথম বারের মতো কোন একজনকে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে।
এই তালিকায় আরো যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মারট্রি আহতেসারি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়োদোইনো, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন বল্টন, ভারতীয় সঙ্গীতজ্ঞ শ্রী শ্রী রবি শংকর, ভারতীয় শিশুশ্রম বিরোধী নেতা কৈলাশ সত্যর্থি প্রমুখ।
নোবেল পুরস্কার প্রবর্তনকারী আলফ্রেড নোবেলের জন্মদিনে ১০ ডিসেম্বর এ বছরের পুরস্কার অসলোতে প্রদান করা হবে।
