২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থানের ষড়যন্ত্র রোধে ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা

ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো দেশটিতে নতুন করে অভ্যুত্থান চেষ্টার ষড়যন্ত্র বিনষ্ট করতে সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 04:47 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সেই সাথে ক্ষমতাসীন সরকারের পতন ঘটাতে অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িত সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করতে তিনি নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট অ্যারোয়ো সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করার পর থেকে রাজপথে প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একটি অসাংবিধানিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ডানপন্থি ও সমাজতান্ত্রিক গোষ্ঠির মধ্যে কৌশলগত জোটের অভ্যুত্থানকে নিবৃত্ত করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরকারি কর্মকর্তারা বলেছেন, ‘পিপল পাওয়ার’ বিপ্লবের ২০তম বার্ষিকী উপলক্ষে শুক্রবারের সমাবেশ থেকে প্রেসিডেন্ট অ্যারোয়োর পদত্যাগের আহ্বান জানাতে বিদ্রোহী সামরিক কর্মকর্তারা পরিকল্পনা করছিলেন।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একজন মেরিন ব্রিগেডিয়ার জেনারেলসহ এলিট নিরাপত্তা ইউনিটের তিন কর্মকর্তাকে ইতোমধ্যে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের ব্যাপারে তদন্ত চলবে। প্রেসিডেন্টের একজন ঘনিষ্ট সহযোগী বলেছেন, কমপক্ষে আটজনকে খোঁজা হচ্ছে।

টেলিভিশনে অ্যারায়ো বলেন, সরকার অবৈধ উদ্যোগ বিনষ্ট করে দিয়েছে। কমান্ডার-ইন -চিফ হিসেবে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।

প্রেসিডেন্ট সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট ভবন ও দেশের সকল সামরিক ক্যাম্পে প্রবেশ বন্ধ করে দিয়েছে।

সামরিক বাহিনী ২০০১ সালে বিদ্রোহ করে তৎকালীন প্রেসিডেন্ট যোসেফ এস্ত্রাদাকে ক্ষমতাচ্যুত করার পর অ্যারোয়ো প্রেসিডেন্ট নির্বাচিত হন। তারপর থেকে তাকে দুইবার অভ্যুত্থান চেষ্টা মোকাবেলা করতে হয়েছে।

অ্যারোয়ো বলেন, অভ্যুত্থান ষড়যন্ত্রের সাথে বেসামরিক লোকজন জড়িত ছিল। যারা অভ্যুত্থানকে সহযোগিতা ও অর্থায়ন করেছে আমরা তাদের উপেক্ষা করবো না।

এদিকে অ্যারোয়োর ভাষণের পরপরই শেয়ারবাজারের দর এক দশমিক শূন্য দুই শতাংশ পড়ে গেছে। উপশহরগুলোতে প্রতিবাদ মিছিল পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে গেছে। তবে রাজধানী ম্যানিলা তুলনামুলকভাবে শান্ত রয়েছে বলে জানা গেছে।