সরকার গঠনের জন্য হামাসকে আমন্ত্রণ জানানো হয়েছে
ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস হামাসকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গত জানুয়ারির ফিলিস্তিন পার্লামেন্ট নির্বাচনে হামাস বিপুল সংখ্যাধিক্যে জয়লাভ করে।
ফিলিস্তিনের নতুন প্রশাসনের নেতৃত্বে থাকবেন হামাস নেতা ইসমাইল হানিয়া।হামাস ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির বিরোধিতা করেছিলো। নতুন সরকার গঠনের জন্য হামাস ৩৫ দিন সময় পাবে।
মিশরে সফর কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস হামাসকে সর্তক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনের নতুন সরকারকে অবশ্যই ইসরাইলের অধিকারকে সম্মান করতে হবে।
তিনি মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইটে এর সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, আপনারা এক পা সন্ত্রাসি ক্যাম্পে, আর এক পা রাজনীতিতে রাখতে পারবেন না।
ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাস হামাসকে বলেছেন, ইসরাইলের প্রতি এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের গঠন করা আগের কমিটিগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে। কিন্তু হামাস এমন শর্ত মানতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে।
ফিলিস্তিন নেতা অবশ্য হামাস ও ফিলিস্তিন নেতৃবৃন্দকে এই মূহুর্তে যে কোন প্রকার বিবাদ এড়িয়ে চলার আহ্বাণ জানিয়েছেন।
