২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, ফ্রান্স ও ইরানে বার্ডফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছে

বিশ্বব্যাপী বার্ডফ্লু এর এইচ৫এন১ ভাইরাস ছড়িয়ে পড়ছে। সর্বশেষ যে তিনটি দেশে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে সে দেশগুলো হলো ভারত , ফ্রান্স এবং ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 10:43 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পশ্চিমাঞ্চলে মুরগীর একটি ফার্মে হাজার হাজার মৃত মুরগীর মধ্যে বার্ডফ্লু এর ভাইরাস পাওয়া গেছে। সেখানকার চিকিৎসা কর্মকর্তারা ৮ জনকে বার্ডফ্লু এ আক্রান্ত মনে করে পরীক্ষা করে দেখছে। তবে এখনো পর্যন্ত বার্ডফ্লুতে আক্রান্ত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী আনিস আহমেদ জানান বার্ডফ্লু ভাইরাসের বিস্তার ঠেকাতে এই অঞ্চলের ৫ লক্ষেরও অধিক মুরগীকে সরিয়ে নিয়ে মেরে ফেলা হবে।

এদিকে ফ্রান্স এবং ইরানেও মৃতপাখী পরীক্ষা করে বার্ডফ্লু এর ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ইরানের উত্তরাঞ্চলে গিলান প্রদেশে ১০০ টিরও বেশি মৃত রাজহাঁস পরীক্ষা করে এইচ৫এন১ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে বার্ডফ্লু ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তিকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি।

অস্ট্রিয়ায় আরও দুইজন বার্ডফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭ জন। মিশরে কায়রো শহরের কাছাকাছি একটি মুরগীর ফার্মে বার্ডফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলে সেখান থেকে ১০০০০ মুরগী সরিয়ে ফেলে মেরে ফেলা হয়েছে।

ইন্দোনেশিয়ায় বার্ডফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন মারা গেছে। এদিকে হংকং-এ মৃত ম্যাগপাই পাখী পরীক্ষা করে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন বার্ডফ্লু এর ভাইরাস এভাবে বিস্তার লাভ করতে থাকলে সারা পৃথিবী ব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে এবং এতে করে লক্ষ লক্ষ লোক মারা যাবে।

উল্লেখ্য ২০০৩ সাল থেকে এ পর্যন্ত বার্ডফ্লু এর ভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ৯০ জন মারা গেছে।